প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা ও যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফরশেষে আজ শুক্রবার দেশে ফিরছেন। তাকে অভ্যর্থনা ও গণসংবর্ধনা দেয়া উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৩টার পর থেকে বিভিন্ন স্থান থেকে উৎসাহী জনগণ ও নেতাকর্মীদের দলে দলে যোগ দিতে দেখা গেছে। এ কারণে অতিরিক্ত জনতার উপস্থিতিতে যানবাহন আটকা পড়ে যায়।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। শুক্রবার বেলা ২টার পর থেকে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন।
আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢোল, তবলাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উপস্থিত হন। তাঁরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্লোগান দিচ্ছেন।
নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার জাতিসংঘ কর্তৃক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’ ও যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সফল নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআই
