মসুলে আইএসের ওপর বিমান হামলা শুরু করেছে ফ্রান্স

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৩
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলা শুরু করেছে ফ্রান্স। দেশটির একমাত্র বিমানবাহী রণতরী চার্লস দ্য গল থেকে শুক্রবার মসুলে হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
 
এএফপি’র এক ফটোগ্রাফার জানান, ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে অবস্থান করা ফরাসী রণতরী থেকে আটটি যুদ্ধবিমান উড়ে যায়। সেপ্টেম্বরের শুরুর দিকে ঐ অঞ্চলে চার্লস দ্য গলকে প্রেরণ করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সাথে অভিযানে অংশ নিলো দেশটি। ২০১৫ সালে প্যারিস হামলার পর দেশটি সামরিক অভিযান ব্যাপকভাবে বাড়িয়ে দেয়।
 
এদিকে মসুল উদ্ধারে যে যুদ্ধে চলছে তাতে ইরাকি বাহিনী সুবিধাজনক অবস্থানে রয়েছে। ২০১৪ সালের জুনে আইএস এ অঞ্চলটি দখল করে নেয়। আশা করা হচ্ছে, খুব শিগগিরই শহরটি পুনরুদ্ধার করা যাবে।
 
রণতরীতে অবস্থানরত একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আইএসের শক্তিশালী ঘাঁটি মসুলে হামলায় অংশ নিতে বিমানগুলো পাঠানো হয়েছে। অন্যদিকে এক ফরাসী প্রতিরক্ষা কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, এ অভিযানের মধ্য দিয়ে শহরটিতে যুদ্ধ শুরু করা হলো। এছাড়া অন্য কোনো উপায় ছিল না। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে অভিযানের আদ্যোপান্ত মন্ত্রণালয় জানাতে পারবে না। সূত্র: বাসস/ইত্তেফাক/এমএএস