ব্রেক্সিটের ১০০ দিন পরও ইইউ ছাড়ার পরিকল্পনা নেই ব্রিটেনের

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫৭
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে ভোট দেওয়ার ১০০ দিন অতিক্রান্ত হলেও কখন ও কিভাবে জোট থেকে বেরিয়ে আসবে সেই ব্যাপারে দেশটির সরকার বিস্তারিত কিছু জানায়নি।
 
রক্ষণশীল প্রধানমন্ত্রী তেরেসা মে বলেন, ‘বেক্সিটের মানে বেক্সিট’ এবং তিনি ব্রিটেনের জন্য সর্বোত্তম চুক্তি চাইবেন। তবে সরকারের কর্মকৌশলের বিষয়ে তিনি কোনো ‘ধারা বর্ণনা’ দেবেন না বলেও তিনি জানান।
 
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে বলেন, দেশটি ইইউ’র লিসবন চুক্তির আর্টিকেল-৫০ কার্যকর করতে আগ্রহী। এই চুক্তি অনুযায়ী আগামী বছরের গোঁড়ার দিক থেকে দু’বছরে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু মে’র ডাউনিং স্ট্রিট অফিস এ ব্যাপারে তার কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত রয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর অফিস থেকে একাধিকবার বলা হয়েছে বছর শেষ হওয়ার আগে এটা ঘটবে না।
 
লন্ডনে আলোচনার পর ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ বলেন, তারা কিভাবে ও কখন আর্টিকেল-৫০ কার্যকর করবেন সে ব্যাপারে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি মনে করেন। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য নেতারাও চান ব্রিটেন এব্যাপারে যতদ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করুক। এক্ষেত্রে তারা সতর্ক করে দিয়ে বলেন, অনিশ্চয়তা হচ্ছে এক ধরনের অসহযোগিতা। এদিকে আগামী বছর ফ্রান্স ও জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটিও সময় নির্ধারণের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। এএফপি/ইত্তেফাক/এমএএস