যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সোমালিয়ার উত্তরাঞ্চলে ২২ সৈন্য ও সাধারণ মানুষ নিহত হওয়ার বিষয়ে ব্যাখ্যা দাবি করেছে দেশটির সরকার। দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গালমুডাং সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, উগ্রপন্থীদের লক্ষ্যে হামলা চালানোর ব্যাপারে প্রতিবেশী অঞ্চল পুন্টল্যান্ড যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করেছে। -খবর আল জাজিরার।
সরকারি কর্মকর্তারা জানান, জঙ্গি সংগঠন আল শাবাবের বিরুদ্ধে অভিযানের নামে যে বিমান হামলা চালানো হয়েছে তাতে বেসামরিক নাগরিকসহ তাদের সেনা নিহত হয়েছে। আর এ বিষয়টি সামরিক বাহিনীর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গালমুডাং বাহিনীর ওপর মার্কিন বিমান হামলায় যে তাদের সৈন্য নিহত হয়েছে এতে তারা যুক্তরাষ্ট্রের কাছে এর ব্যাখ্যা দাবি করছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গালমুডাং ও পুন্টল্যান্ড অতীতেও ভূখণ্ড নিয়ে নিজেদের মাঝে অনেক সংঘাত ও সংঘর্ষ হয়েছে। এতে নিহতও হয়েছে সে সময়ে বহু লোক।
এদিকে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে ‘তারা আল শাবাবের কাছ থেকে সোমালীয় সৈন্যদের বাঁচাতে এ হামলা চালিয়েছে। কেননা সে সময়ে আল শাবাবের কাছ থেকে গোলাবর্ষণ করা হচ্ছিল। যুক্তরাষ্ট্র আরো বলেছে, এতে আল শাবাবের ৯ জঙ্গি নিহত হয়েছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে এর চেয়ে বেশি নিহতের দাবি করা হয়েছে।
উল্লেখ্য, সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের দমনে যুক্তরাষ্ট্র প্রায়ই তাদের ওপর হামলা চালায়। আর আল শাবাব প্রায় এক দশক থেকে সোমালিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। এ কারণে তারা প্রায়ই সোমালিয়ার সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালায়। সূত্র: আল জাজিরা/ইত্তেফাক/এমএএস
