চৌমুহনীতে নিষিদ্ধ পলিথিন তৈরি ও বিক্রির অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৯

 

 

 চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে বেশ কয়েকটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় পলিথিন তৈরি হচ্ছে বলে জানা গেছে। এসব পলিথিন চৌমুহনী শহরের কয়েক স্থানে পাইকারি দরে বিক্রি হচ্ছে। চৌমুহনী শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানে এখান থেকে পলিথিন সরবরাহ হয়ে থাকে।

নোয়াখালীর বাণিজ্যিক ও শিল্প এলাকা চৌমুহনী শহর। পরিবেশ দূষণ রোধে সরকার পলিথিন বিক্রি ও তৈরি নিষিদ্ধ ঘোষণা করলেও কতিপয় অসাধু ব্যক্তি অবাধে পলিথিন তৈরি করে বাজারজাত করছেন। চৌমুহনী ছাড়াও জেলার বিভিন্ন হাট-বাজারে এ সব সরবরাহ করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, চৌমুহনী শহরের কলেজ রোড, হকার্স মার্কেট, করিমপুর রোড, ডেলটা গেট সংলগ্ন স্থান, দক্ষিণ বাজারে নিষিদ্ধ পলিথিন তৈরি করা হচ্ছে। উত্পাদিত পলিথিন বিক্রি করার জন্য নির্দিষ্ট পাইকারি মার্কেট রয়েছে। সে স্থানের নাম সাঁটিহাটা ও কালীতলা রোড। চৌমুহনী শহরের কিছু ব্যবসায়ী ছাড়াও জেলার বিভিন্ন হাট-বাজারের পাইকাররা এসে পলিথিন কিনে নিয়ে যান।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘কারা অবৈধ ব্যবসায়ী তা খুঁজে দেখছি।’ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, ‘এ ব্যাপারে সঠিক খোঁজ-খবর নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’