সিরাজগঞ্জে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত স্বল্পমূল্যের ৬৫ বস্তা চাল ও ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মিরপুর ওয়াপদা বাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার মাসুম হোসেনের ছেলে সোহাগ ও সদর উপজেলার শিয়ালকোল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সরকারি খাদ্য অধিদফতরের সিল সম্বলিত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের ৬৫ বস্তা চাল কড্ডা থেকে ট্রাকযোগে সিরাজগঞ্জে আনা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ মিরপুর ওয়াপদা বাঁধে অভিযান চালিয়ে চাল ও ট্রাকসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর এই চাল কোথা এসেছে তা জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএসএস
