শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় শফিকুল ইসলাম (৪০) নামে এক অটো ভ্যান চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে। গত শনিবার রাত অনুমান পৌনে ১০টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের টোলা মাজারগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটি জব্দ করাসহ চালককে গ্রেফতার করেছে। তার নাম মো. রাসেল আহম্মেদ (২৬)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তবে চালকের সহকারী (হেলপার) পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সময় চালক শফিকুল ইসলাম উক্ত স্থানে অটোভ্যান নিয়ে মহাসড়কের পূর্বপাশ থেকে পশ্চিম পাশের দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে বগুড়াগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত ভ্যান চালক শফিকুল ইসলামকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দুই সাংবাদিক আহত
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহীর দুই সাংবাদিক আহত হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন চ্যানেল ২৪ এর রিপোর্টার আবরার ও ক্যামেরাপার্সন লেলিন।
