স্যান ডিয়েগো পুলিশ কয়েকদিন টানা বিক্ষোভের পর একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার এ ভিডিও প্রকাশ করা হয়।
পুলিশ জানায়, গুলিবর্ষণের ঘটনা নিয়ে যেসব ‘ভুল তথ্য’ প্রচারিত হচ্ছে তার জবাব দিতেই ভিডিও প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, একটি বিপণিবিতানের পার্কিংয়ের স্থানে দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে উগান্ডার অভিবাসী আলফ্রেড ওলাঙ্গোর (৩৮) বচসা হচ্ছে এবং ওলাঙ্গো কয়েক পা পিছনে সরে যাচ্ছেন। এরপর দেখা যায়, তিনি একটি বস্তু এক কর্মকর্তার দিকে ধরেন এবং তাকে গুলি করা হচ্ছে।
বস্তুটি একটি ইনহেলার বলে পরে প্রমাণিত হয়েছে।
সান ডিয়াগোর উপকণ্ঠ এল কাজনে ভয়াবহ এ ঘটনা ঘটে। এরপর ঘটনার প্রতিবাদে প্রতিদিন বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার এ বিক্ষোভ সহিংস রূপ নেয়।
পুলিশ বিক্ষোভকারীদের সরাতে টিয়ার গ্যাস ব্যবহার এবং পাঁচ জনকে আটক করে।
পুলিশ প্রধান জেফ ডেভিস শুক্রবার বলেন, সম্প্রতি যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা নিয়ে সম্প্রদায়ের মানুষের উদ্বেগ প্রশমনই আমাদের লক্ষ্য। তিনি গুলিবর্ষণের ভিডিও ফুটেজ প্রকাশ করেন।
তিনি বলেন, সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
ডেভিস বলেন, শুক্রবার বেশিরভাগ দোকান-পাট বন্ধ ছিল এবং আরো সহিংসতার আশংকায় বিভিন্ন স্কুল আগাম ছুটি হয়ে যায়। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এএফপি
ইত্তেফাক/এমএইচ
