‘যারা শিশু নির্যাতন করে তারা জাতীয় শত্রু’

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৮:১১
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। একটি শিশুও পথে থাকবে না এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ। প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। 
 
প্রতিমন্ত্রী বলেছেন, যারা শিশু নির্যাতন করে তারা জাতীয় শত্রু। তারা কোন ভাবে রেহাই পাবে না। সকলে মিলে এই জাতীয় শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
 
শনিবার বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের সমাবেশে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম, বাংলাদেশ শিশু একাডেমী এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাসমূহের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পথশিশু পুনর্বাসন কার্যক্রমের  পরিচালক  ড. আবুল হোসেন। সমাবেশে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। 
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মো. মোশাররফ হোসেন, স্ট্রিট চিলড্রেন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক এর সভাপতি মো. রেজাউল করিম এবং ডন ফোরামের চেয়াপার্সন মো. মাহবুবুল হক।
 
দিনব্যাপী সমাবেশে সুবিধাবঞ্চিত ও পথশিশুরা বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে। শেষে প্রতিমন্ত্র অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 
 
ইত্তেফাক/এমআই