আলেপ্পোয় বিদ্রোহীদের ওপর বিমান হামলা

আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৯:২৩
সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শনিবার সকালেও বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়া। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর থেকে সেখানে হামলা অব্যাহত রেখেছে আসাদের অনুগতরা।
 
আলেপ্পোর শহরটি কার্যত দুই ভাগে ভাগ হয়ে রয়েছে। এর এক অংশ নিয়ন্ত্রণ করছে প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী ও অন্য অংশের নিয়ন্ত্রণে রয়েছে বিদ্রোহীরা। শহরের যে অংশটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে বিমান হামলা চলছে।
 
বিবিসির খবরে জানানো হয়েছে, আলেপ্পোর একটি হাসপাতালেও ব্যারেল বোমা ফেলা হয়েছে। গত সপ্তাহেও ওই হাসপাতালটিতে বোমা বর্ষণ করা হয়েছিল।
 
বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্ব অংশে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া ও সিরিয়ার বিমানবাহিনী। হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পশ্চিমা বিশ্ব এর সমালোচনা করছে। যুক্তরাষ্ট্র বলছে, মধ্যপন্থী বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে রাশিয়া তাদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে।
 
গত সপ্তাহে দুই পক্ষের মধ্যে কার্যকর শান্তিচুক্তি ভেঙ্গে পড়ার পর বিদ্রোহীদের ওপর স্থল হামলা শুরু করে প্রেসিডেন্ট আসাদের অনুগত সেনাবাহিনী। সূত্র: ইত্তেফাক/এমএএস