আত্রাইয়ে গান্ধীর জন্ম বার্ষিকীতে আলোচনা সভা

আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৭:১৯
অবিভক্ত ভারতবর্ষের জাতির জনক ও অহিংস আন্দোলনের কিংবদন্তী নেতা মহাত্মা গান্ধীর ১৪৭ তম জন্ম বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আত্রাই গান্ধী আশ্রমে আত্রাই বঙ্গীয় রিলিফ কমিটির আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
 
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম। সভায় প্রধান আলোচক ছিলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার (রাজশাহী) অভিজিৎ চট্টোপাধ্যায়।
 
মহাত্মা গান্ধীর অহিংস দর্শন, আদর্শ ও তাঁর কর্মময় জীবনী তুলে ধরেন আলোচকরা এবং গান্ধীর নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
 
আত্রাই বঙ্গীয় রিলিফ কমিটির সভাপতি আমিনুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা সভায় রিলিফ কমিটির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ইত্তেফাক/এমএএস