অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে মা-বাবাকে হত্যা ও এই হত্যাকাণ্ড গোপন করতে আরো ১৭ জনকে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন চীনের এক ব্যক্তি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
সন্দেহভাজন হত্যাকারী ইয়াং কিংপেই যে ১৭ জন প্রতিবেশীকে হত্যা করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ ৭২ বছরের প্রৌঢ় থেকে শুরু করে তিন বছরের শিশুও রয়েছে। নিহতরা ছয়টি পরিবারের সদস্য।
২০ বছর বয়সী ইয়াং কিংপেই গত বুধবার তার গ্রামের বাড়িতে যান। বাড়িতে গিয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান। বৃহস্পতিবার ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে ঠিক কিভাবে ওই ১৭ জনকে হত্যা করা হয়েছে তার কোন বিবরণ দেয়নি সিনহুয়া।
চীনে এ ধরনের হত্যাকাণ্ড একটি বিরল ঘটনা। আগ্নেয়াস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে সেখানে।
ইত্তেফাক/এমএএস
