কত শতাংশ ভোট তা নিয়ে মাথা ব্যথা নেই :ইসি সচিব

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:৪৫

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। ভোটগ্রহণ শেষে তিনি বলেছেন, কত শতাংশ ভোট হলো এটা নিয়ে মাথাব্যথা নেই। বিষয়টা হলো শান্তিপূর্ণভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে কিনা। গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপজেলায় ভোটের হার কম হওয়ার কারণ জানতে চাইলে সচিব বলেন, কমিশন বলেছে অনেকেই (দল) নির্বাচন করেনি (অংশগ্রহণ করেনি)। প্রথম দফায় উপজেলা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় রাঙ্গামাটি জেলা বাদ দিয়ে ৪১ শতাংশ ভোট পড়েছে। রাঙ্গামাটির ফলাফল যদি আমরা পাই, তাহলে গড়ে আমাদের                 মনে হয় ৪৫ শতাংশ হবে। আর তৃতীয় ধাপে আমরা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছি। তবে ‘পারসেন্টেজ ইজ নট দ্যা মেটার’।

হেলালুদ্দীন আহমদ বলেন, একটি রাজনৈতিক জোট নির্বাচনে অংশ নেয়নি। তারা কিন্তু ভোটে আসেনি। অপরদিকে ভোটারদের ভোটকেন্দ্রে না আসার জন্য তাদের প্রচারণা আছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে। ইসি সচিব বলেন, কটিয়াদিতে অনিয়মের প্রমাণ পাওয়ায় একজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে আরো কারো জড়িত থাকার প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, চট্টগ্রামের চন্দনাইশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল মারাত্মক আহত হয়েছে। তিনি তলপেটে গুলিবিদ্ধ হয়েছেন। তার আর্টারি ছিঁড়ে যাওয়া রাজধানীর হূদরোগ ইনস্টিটিউটে হেলিকপ্টারে করে এনে ভর্তি করানো হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটের বিষয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদর এই চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। এতে মোট ৩৪০টি কেন্দ্রে ২ হাজার ২১৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়েছে।