ভবিষ্যত্ সম্পর্কের খসড়া চুক্তিতে পৌঁছেছে যুক্তরাজ্য-ইইউ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:৪৪

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভবিষ্যত্ সম্পর্ক নিয়ে ইউরোপীয় কমিশন এবং ব্রিটিশ ব্রেক্সিট আলোচকরা একটি খসড়া চুক্তিতে পৌঁছেছেন। ফলে ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত হওয়ার পথ প্রশস্ত হল। ব্রাসেলসের বৈঠকে চুক্তিটি পর্যবেক্ষণ করে দেখবেন ইইউ এর ২৭ টি দেশের দূতরা। বাণিজ্য, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে দুপক্ষের মধ্যে কেমন সম্পর্ক হবে তা নিয়ে চুক্তিতে নীতিগতভাবে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

এর আগে লন্ডন এবং ব্রাসেলসের মধ্যে ২০১৯ সালের ২৯ মার্চ ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (যা ব্রেক্সিট নামে পরিচিত) নিয়ে খসড়া চুক্তি হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক এক টুইটে বলেছেন, ‘ইইউ এবং যুক্তরাজ্যের মধ্যে ভবিষ্যত্ সম্পর্ক নিয়ে খসড়া রাজনৈতিক    ঘোষণাপত্র আমি মাত্র ইইউ-২৭ এর কাছে পাঠিয়েছি। কমিশনের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, এ খসড়া নিয়ে ব্রেক্সিট আলোচক পর্যায়ে মতৈক্য হয়েছে এবং রাজনৈতিক পর্যায়েও নীতিগতভাবে এটি নিয়ে মতৈক্য হয়েছে। এটি এখন নেতাদের অনুমোদনের অপেক্ষায়।

বুধবার ব্রাসেলসে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঙ্কারের মধ্যে বৈঠকের পরদিন রাজনৈতিক ঘোষণায় সম্মত হওয়ার খবর জানা গেল। রবিবার ইইউ সম্মেলনে ব্রেক্সিট ও ভবিষ্যত্ সম্পর্কের রাজনৈতিক খসড়া চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। আর তা স্বাক্ষর হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের পার্লামেন্টে তা অনুমোদন করিয়ে নেওয়ায় মনোযোগ দিতে পারবেন। বিবিসি