সাবেক সংসদ সদস্য মোজাহার হোসেন মারা গেছেন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১২:০৯
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পঞ্চগড়-২ আসনের (বোদা-দেবীগঞ্জ উপজেলা) সাবেক সাংসদ মো. মোজাহার হোসেন (৭২) মারা গেছেন। (ইন্না লিল্লাহে-------রাজিউন)।
 
মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি জটিল রোগে ভুগছিলেন।
 
উল্লেখ্য, মো. মোজাহার হোসেন ১৯৪৫ সালের ৩ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নগর সাকোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত মহিউদ্দীন আহম্মেদ এবং মাতার নাম মৃত মালেকুন নাহার। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। এই বর্ষিয়ান রাজনীতিক এক সময় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বোদা উপজেলার সাকোয়া বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। 
 
তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) তার রাজনৈতিক ক্যারিয়ার শুর করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫ দলীয় ঐক্য জোটের (সিপিবি) প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ উপজেলায়) আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন। ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ