স্তন ক্যান্সার ঝুঁকিতে প্রতি আট জনে একজন নারী

আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ২২:১৬
দেশে প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে স্তন ক্যান্সার ২য় অবস্থানে রয়েছে।
 
মঙ্গলবার উত্তরা ১০ নম্বর সেক্টরের আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (এএমসিজিএইচ) প্রাঙ্গণে স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
 
এএমসিজিএইচ' এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, 'শুধু পশ্চিমা দেশগুলোতে নয় বাংলাদেশেও এ রোগ বিস্তার লাভ করছে। দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মহিলা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন এর মধ্যে প্রায় ১৭ হাজার রোগী মারা যান। বিশ্বে প্রতিবছর প্রায় ১ মিলিয়ন স্তন ক্যান্সার রোগী সনাক্ত হয়ে থাকেন। ১৫ থেকে ৯০ বছরের মহিলাদের স্তন ক্যান্সার হতে পারে। এর মধ্যে ৪০ থেকে ৫০ বছরের মহিলাদের সবচেয়ে বেশি প্রায় ৩৩% স্তন ক্যান্সার হয়ে থাকে।'
 
মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতামূলক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী ছিলেন বিশেষ অতিথি। সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।
 
এ সময় এডভোকেট সাহারা খাতুন বলেন, '২০ বছর বয়স থেকে নিজে নিজে স্তন ক্যান্সার পরীক্ষা করা যায়। সুতরাং সচেতন থাকলে এ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।'
 
স্তন ক্যান্সার সম্পর্কে বলতে গিয়ে মেহের আফরোজ চুমকী বলেন, 'এখনো সমাজে নারীরা অক্ষম। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন দুর্বল। সেজন্য স্তন ক্যান্সারের মতো যেকোন রোগের চিকিৎসায় তারা নিজ থেকে এগিয়ে আসতে পারে না। সুতরাং নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও মুক্তি অত্যন্ত জরুরি।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস