রাজধানীর শাহবাগে এক ভবঘুরের ছুরিকাঘাতে দুই ভবঘুরে নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুটওভার ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাবিব (৩৫) ও মোতালেব (৩৩)।
পুলিশ জানিয়েছে, সোহেল নামে এক ভবঘুরে ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার জানান, ফুটওভার ব্রিজের ওপর রাতে পথকলি ও ভবঘুরেরা ঘুমিয়ে থাকেন। রাত একটার দিকে সোহেল নামে এক ভবঘুরে তার দুই সঙ্গীদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তাদের মধ্যে মোতালেব বারডেম হাসপাতালের ওভারব্রিজের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত অবস্থায় হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায়, ভবঘুরেরা সম্ভবত মাদকাসক্ত ছিলেন। গাঁজা বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত স্থায়ী ঠিকানা পাওয়া যায়নি।ধারণা করা হচ্ছে এরা শাহবাগ এলাকায় গাঁজা বিক্রি করে ভবঘুরে জীবন-যাপন করতেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে শাহবাগ থানার একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএসএস
