কবরস্থানে আলিশান বাড়ি

ডিসিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০০:৪০

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি কবরস্থানে যুক্তরাজ্য প্রবাসীর আলিশান বাড়ি নির্মাণের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঘটনাটি তদন্ত করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। এছাড়া কবরস্থান দখল করে বাড়ি নির্মাণ করা হলে তা কেন উচ্ছেদ করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদেরকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘জগন্নাথপুরের সরকারি কবরস্থানে আলিশান বাড়ি’ শিরোনামে সুনামগঞ্জের স্থানীয় কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন স্থানীয় অধিবাসী মো. কবির মিয়া ও তাহেবুর রহমান। রিটে বলা হয়, কবরস্থানটি জগন্নাথপুর উপজেলার ভরতপুর মৌজার ৪৬নং জে এল, দাগ নং ১১৬ তে অবস্থিত। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি।

আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী আঞ্জুমান আরা বেগম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট তদন্ত নির্দেশ দিয়ে রুল জারি করে।