'২০১৭ সালের পর ব্যবহার অযোগ্য কোন পাবলিক টয়লেট থাকবে না'

আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ২১:১৪
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, 'রাজধানী ঢাকায় ২০১৭ সালের পর ব্যবহার অযোগ্য কোন পাবলিক টয়লেট থাকবে না।'
 
এ সময়ের মধ্যে ১০০টি পাবলিক টয়লেট জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, 'ইতোমধ্যে ৪৭টি পাবলিক টয়লেটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এছাড়াও ১৭টির সংস্কার কাজ চলছে।'
 
সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর বাহাদুরশাহ পার্কে বুধবার আরও ১টি আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএসসিসি'র মেয়র এসব কথা বলেন।
 
ঢাকা মহানগরী'র গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সর্বসাধারণের জন্য পাবলিক টয়লেট ব্যবস্থার উন্নয়নের ধারাবাহিকতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ওয়াটারএইড বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং এইচ অ্যান্ড এম ফাউন্ডেশনের সহায়তায় এটি নির্মিত হয়েছে।
 
সাঈদ খোকন বলেন, 'মহানগরবাসীকে আমরা পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা উপহার দিতে চাই। বিশেষভাবে পথচারী এবং নারীদের এসব টয়লেট খুবই উপকারে লাগবে, কারণ ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় থাকতে হয়।'
 
ডিএনসিসি সূত্রে জানা গেছে, আধুনিক ও দৃষ্টিনন্দন এসব টয়লেটে পয়ঃনিষ্কাশনে নারী এবং পুরুষের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি লকার, হ্যান্ড-ওয়াশিং, শাওয়ার এবং বিশুদ্ধ খাবার পানির সুবিধা রয়েছে। এছাড়াও এগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ এবং সিসিটিভি ক্যামেরাসহ পেশাদার পরিচ্ছন্ন কর্মী এবং মহিলা কেয়ারটেকার থাকছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস