পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার সাবেক প্রধান আন্তোনিও গুতেরেস জাতিসংঘের পরবর্তী মহাসচিব মনোনিত হওয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল তাকে অভিনন্দন জানিয়েছে।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী সুসানা মালকোরা এবং ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী জোসে সেরা এ অভিনন্দন জানান । বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য রাষ্ট্র গুতেরেসকে মনোনিত করে।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী মালকোরা এক টুইটার বার্তায় জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাওয়া গুতেরেসকে অভিনন্দন জানান এবং তার মঙ্গল কামনা করেন। মালকোরাও ওই পদের অন্যতম প্রার্থী ছিলেন।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রী জোসে সেরা জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেতে যাওয়ায় গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন এবং সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ১০ বছর জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এএফপি
ইত্তেফাক/এমএইচ
