টেকনাফে পায়ুপথ বিহীন শিশুর অস্ত্রোপাচার সম্পন্ন

আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:১২
টেকনাফের সেই পায়ুপথ বিহীন শিশু আয়াতের অস্ত্রোপাচার (অপারেশন) সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক তার অস্ত্রোপাচার সম্পন্ন করেন।
 
টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ মহেশখালিয়াপাড়া গ্রামের আবুল কালাম ও বেলুজা খাতুনের জন্ম নেয়া শিশু আয়াত উল্লাহ। তার কোন পায়ুপথ ছিল না। দীর্ঘ ২ বৎসরেও বেশি সময় ধরে অর্থ অভাবে অপারেশন করতে না পারার খবর পেয়ে পাশে এসে দাঁড়ায় “অসহায় মানুষের পাশে আমরা ছয়জন”।
 
তারা শিশু আয়াত উল্লাহকে উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবন উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করে। সেই অসহায় শিশু আয়াত উল্লাহর অপারেশন বাস্তবায়নে শুরু হয় পরিকল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র ইন্টারনেট ও ফেসবুকে আর্থিক সাহায্যের প্রচারণা অব্যাহত রাখেন তারা। আর্থিক সচ্ছতা নিশ্চিতকরণে অসহায় পরিবারের নামে খোলা হয় ব্যাংক একাউন্ট। এরপর থেকে দেশ-বিদেশের অনেক লোকজন অসহায় পরিবারের ব্যাংক একাউন্টে জমা করেন প্রায় দুই লক্ষাধিক টাকা। পায়ুপথ বিহীন শিশু আয়াত উল্লাহ দীর্ঘ এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে গঠিত হয় বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। বিভিন্ন পরীক্ষা শেষে  ৫ অক্টোবর বুধবার অস্ত্রোপাচারের দিন ধার্য করেন চিকিৎসক।
 
শিশু আয়াত উল্লাহর বাবা আবুল কালাম বলেন, বুধবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা পর অস্ত্রোপাচার সফলভাবে সম্পণ্ন করা হয়।
 
মা বেলুজা খাতুন বলেন, ‘বর্তমানে আমার সন্তান সুস্থ ও নিরাপদ আছে এবং চিকিৎসকের পরামর্শে আগামী কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। যারা আমার সন্তানের চিকিৎসায় আর্থিকভাবে এগিয়ে এসেছেন আল্লাহ যেন সবাইকে নিজ হাতে ভাল প্রতিদান দেন এ দোয়া করছি।’
 
ইত্তেফাক/এএসএমইউ