৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীর বিবাহ পরিচালনার অপরাধে পীরগঞ্জের ভ্রাম্যমান আদালত কাজীসহ ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ এ কারাদণ্ড দেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার সিন্দুল্যা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে গোদাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী খুশি আক্তারের সঙ্গে উপজেলার ভামদা গ্রামের এনামুল হকের ছেলে সোহেল রানার বিয়ের অনুষ্ঠান হচ্ছিল পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর মহল্লার (৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের) কাজী হাফেজ আব্দুল জলিলের বাসায়। সংবাদ পেয়ে ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার ও সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার মোর্শেদ কাজী জলিলের বাসায় বিবাহ স্থলে উপস্থিত হন।
এসময় কাজী হাফেজ আব্দুল জলিল, সহকারী কাজী আজগর আলী, বর সোহেল রানা, বরের দুলাভাই শরিফুল ইসলাম, কনের মামা মইনুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সারওয়ার মোর্শেদ বাল্য বিবাহ পরিচালনার অপরাধে কাজী আব্দুল জলিলকে ১০দিন, সহকারী কাজী আজগর আলী, বর সোহেল রানা, শরিফুল ইসলাম ও মইনুল ইসলামকে ১ মাস করে জেল দেন।
