রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দরমন্ডল গ্রামের ফরিদ আলীর স্ত্রী হুসনা বেগম (৩৫) এবং একই এলাকার আবু হানিফের স্ত্রী খায়রুন খাতুন (২০)।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দুপুরে নগরীর লক্ষ্মীপুর এলাকার মোমেনা বেগম ও গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট সেরাপাড়া এলাকার রুবিনা খাতুন নামে দুই নারী রামেক হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় হুসনা বেগম ও খায়রুন খাতুন প্রথমে রুবিনা খাতুনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এরপরই তারা মোমেনা খাতুনের গলা থেকে চেইন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় অন্যান্য রোগীরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাদের রামেক হাসপাতাল পুলিশ বক্সে সোপর্দ করা হয়।
ওসি আরও জানান, মুহূর্তের মধ্যেই রুবিনা খাতুনের চেইনটি ছিনতাইকারীরা তাদের সহযোগীদের মাধ্যমে বাইরে পাঠিয়ে দেয়। এ কারণে সেটি উদ্ধার করা যায়নি। তবে আটক দুই নারী ছিনতাইকারীর নামে মামলা হয়েছে। এরপর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
