সারাদেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে: ডিআইজি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ২১:৩০
রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বলেছেন, 'সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।' দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'
 
ডিআইজি রবিবার সন্ধ্যায় নওগাঁয় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি নওগাঁ শহরের এতিহ্যবাহী শ্রী শ্রী বুড়াকালী মাতা মন্দির এবং আখড়াবাড়ি মন্দির পরিদর্শন করেন।
 
নওগাঁ’র পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও এম খুরশীদ হোসেনের স্ত্রী দিলরুবা খানম এ সময় উপস্থিত ছিলেন।
 
এ সময় ডিআইজি বলেন, 'শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট অত্যন্ত দক্ষভাবে দায়িত্ব পালন করছে।'
 
তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আবহমানকাল থেকেই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। এখানে সকল ধর্মের মানুষ একে অপরের সাথে সৌহার্দপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। ধর্ম যার যার হলেও এ দেশের আপামর জনগণ ধর্মীয় উৎসবগুলোতে সকলে একসাথে অংশগ্রহণ করে সেটিকে সার্বজনীন করে তোলেন।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস