গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় ছবিগুলো প্রকাশ করে তাদের বিষয়ে তথ্য পুলিশকে জানাতে অনুরোধ করা হয়।
ডিএমপির অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে জানানো হয়, জঙ্গিরা বিভিন্ন সময় ও জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। তাই ছবির ব্যক্তিদের প্রকৃত জানানোর জন্য দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে যে কোনো তথ্য ডিএমপির ফেইসবুক পাতার (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) ইনবক্সে বা হ্যালো সিটি অ্যাপে কিংবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ১১টার দিকে গাজীপুরের নোয়াগাঁওয়ে আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সঙ্গে ছিল সোয়াট। বিকালে অভিযান শেষে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সেখানে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।
তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানান ছানোয়ার। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। রাতে লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ইত্তেফাক/কেকে
