বগুড়া শহরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার দুপুর তিনটার দিকে শহরের শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন— শিববাটি পূর্ব পাড়ার মৃত বিশা শেখের ছেলে মোস্তফা শেখ (৫৫) এবং তার স্ত্রী ডলি বেগম (৪৫)। এ ঘটনায় নিহত মোস্তফার ভাই মোজামের ছেলে জনি (৩২) আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকাল থেকে টানা বৃষ্টির পর বিকেল তিনটার দিকে বাড়ির ভেতরে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার সরাতে যান গৃহকর্তা মোস্তফা। তারটি স্পর্শ করা মাত্র তিনি বিদ্যুতায়িত হয়ে পড়লে টের পেয়ে স্ত্রী ডলি বেগম স্বামীকে রক্ষায় ছুটে যান। এ সময় তিনিও বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন।
বগুড়া সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএম।
