যশোরের ঝিকরগাছা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত রাহাতজান সরদার (৪০) উপজেলার গদখালি ইউপির ৪ নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার গদখালি বাজারে এ ঘটনা ঘটে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকারীদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহতের ভাই মিজানুর রহমান বলেন, ‘রমজান মাসের ২৮ রোজার রাতে তাদের আরেক ভাই হাসান সরদার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছিলেন। ওই ঘটনায় করা মামলাটি রাহাতজান দেখভাল করতেন।’
তার ধারণা, ওই মামলার আসামিরাই রাহাতজানকে হত্যা করেছে।
পুলিশ জানায়, সকাল সোয়া নয়টার দিকে রাহাতজান গদখালী বাজারে একটি সেলুনে দাঁড়ি কাটাতে যান। এ সময় তিনজন সন্ত্রাসী একটি মোটরসাইকেলে এসে যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। পরে ওই সন্ত্রাসীদের একজন সেলুনে ঢুকে তার মাথায় গুলি করে। এ সময় ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। হত্যাকারী সহযোগীদের মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরএ/এএসএমইউ
