বগুড়া শহরের কৈপাড়া এলাকার একটি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজরা হলেন- শহরের কৈপাড়া এলাকার বারিধারা জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ (৪৫) ও একই মসজিদের মোয়াজ্জিন রমজান আলী (২৬)। তারা সম্পর্কে শ্বশুর-–জামাই। তারা জেলার সোনাতলা উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ পাঁচ বছর আগে থেকে ওই মসজিদের ইমামতি করেন। তিনি পরিবার পরিজন নিয়ে মসজিদের পাশের একটি বাড়িতে বসবাস করেন। কিছুদিন আগে তার মেয়ে জামাই রমজান আলী ওই মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব নেন। বৃহস্পতিবার এশার নামাজের সময় ইমাম ও মোয়াজ্জিন মসজিদে ছিলেন। এরপর রাতে তারা বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বিষয়টি রাতেই মসজিদ কমিটিকে জানালে তারা মসজিদে গিয়ে তালা দেখতে পান। তাদের মোবাইল ফোনও রাত থেকে বন্ধ পাওয়া যাচ্ছে।
বারিধারা জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা নির্বাহী সদস্য খন্দকার মামুন জানান, শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্ন পুলিশ ফাঁড়ি, সদর থানা ও আইন প্রয়োগকারী সংস্থার অফিসে খোঁজ খবর নেয়া হয়েছে। এছাড়া তাদের গ্রামের বাড়ি এবং সম্ভাব্য স্থানে খোঁজ করেও শুক্রবার বিকেল ৪ টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, ‘বিকেল পর্যন্ত কেউ থানায় অবহিত করেনি । ফলে এ ব্যাপারে কোন কিছু বলা সম্ভব নয়।’
ইত্তেফাক/ইউবি
