বানারীপাড়ায় বিএনপির নেতা শাহ আলমকে শোকজ

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১২:১৮
অবশেষে বানারীপাড়া উপজেলা ও পৌর  বিএনপিতে চরম অন্তকোন্দলের কারণে দলে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে  উদ্যোগী হয়েছে বরিশাল জেলা বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহামুদ মাস্টারের বিরুদ্ধে যার সভাপতিত্বে ইউনিয়ন নেতাদের অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল এবার তাকেই কেন বহিস্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর শোকজ নোটিশ দিয়েছে জেলা বিএনপি।
 
বৃহস্পতিবার জেলা বিএনপি দক্ষিণের সভাপতি মো. এবায়দুল হক চাঁন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন উদিয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিঞাকে দলীয় শৃঙ্খল ভঙ্গের কারণে শোকজ নোটিশ দিয়েছেন। এতে তার  বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না মর্মে সাতদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
 
জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর উদিয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিঞার সভাপতিত্বে  অনুষ্ঠিত এখতিয়ার বহির্ভূত এক সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় যা সম্পূর্ণ সাংগঠন পরিপন্থি বলে ওই নোটিশে উল্লেখ করা হয়েছে। এছাড়াও চলমান আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ না করা সহ সংগঠন বিরাধেী কার্যকলাপে সম্পৃক্ত থাকারও অভিযোগ আনা হয়েছে শাহ আলম মিঞার বিরুদ্ধে।
 
উল্লেখ্য, বানারীপাড়া উপজেলা ও পৌর  বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার ও পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান চোকদার এবং উদিয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিঞা ও পৌর বিএনপির সম্পাদক রিয়াজ মৃধার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। মাহাবুব-খলিল গ্রুপ ও শাহ আলম-রিয়াজ গ্রুপের মাঝে হামলা ও পাল্টা হামলার ঘটনা প্রায়ই ঘটছে। তাদের এ অন্তকোন্দল ও অনড় অবস্থানের কারণে দলে চরম স্থবিরতা নেমে এসেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ