সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জান্নাতুল খাতুন (৪) নামে এক শিশুকে অপহরণ করা হয়েছে। সে জামতৈল গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। জানা গেছে, অপহরণকৃত জান্নাতুলের বাবা একজন মাদক ব্যবসায়ী। অপহরণকারী মঞ্জু একজন মাদকসেবী হিসাবে তাদের বাড়ি যাতায়াত করতো। এই সুযোগে শিশুটিকে অপহরণ করে অপর মাদকসেবী উল্লাপাড়ার নাজমুলের কাছে ৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে শিশুটি নিজ বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল। এ সময় একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. মঞ্জু (২৫) শিশুটিকে শিঙ্গাড়া খাওয়ানো ও ফুল দেওয়ার কথা বলে ফুসলিয়ে জামতৈল বাজারে নিয়ে যায়। পরে অজ্ঞাত কয়েকজনের হাতে শিশুটিকে তুলে দেয়। প্রাথমিক অবস্থায় পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটি জানিয়েছে অপহরণকারী।
শিশুটির বাবা আনোয়ার হোসেন জানান, জান্নাতুল খাতুনের সাথে খেলা করছিল পাশের বাড়ির অ ারেকটি শিশু রিফাত। মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রিফাতকে জিজ্ঞাসা করলে মঞ্জু নামে এক ব্যক্তি নিয়ে গেছে বলে জানায়। তাত্ক্ষণিক জামতৈল রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অপহরণকারী মঞ্জুকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি এড়িয়ে যায়। জনতা ক্ষিপ্ত হয়ে মঞ্জুকে মারপিট করতে গেলে কামারখন্দ থানা পুলিশ এসে অপহরণকারী মঞ্জুকে আটক করে থানায় নিয়ে যায়।
কামারখন্দ থানার ওসি বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, মঞ্জু শিশুটিকে নিয়ে নাজমুলের কাছে বিক্রি করেছে। নাজমুল একজন ভবঘুরে, সে শিশুটিকে কোথায় নিয়ে গেছে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নাম ঠিকানা পাঠানো হয়েছে।
