বাঁশের সাঁকোয় লক্ষাধিক লোকের পারাপার

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০২:৩৫
মুরাদনগর উপজেলার পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের ইষ্ট্র গ্রামা-নবীয়াবাদ সড়কের খোষঘর পশ্চিমপাড়া শেষ সীমান্তের তিনটি খালের মোহনায় এবং এর উপর কোনো ব্রিজ নেই। ফলে সারা বছর জলাবদ্ধ থাকায় চরম দুর্ভোগের মধ্যে ৪শ’ ফুট লম্বা বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে লক্ষাধিক মানুষকে। আর এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
 
এই স্থানে একটি ব্রিজের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে অনেক আবেদন-নিবেদন করা হলেও বিভিন্ন সময় আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত না হওয়ায় এ পথে প্রতিদিন যাতায়াতকারী ৩ হাজারের চেয়ে  বেশি লোকের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
 
এলাকাবাসী জানায়, নবীয়াবাদ, হাঁটাশ, মালিপাড়া, খৈয়াখালী, দৌলতপুর, চাপুড়সহ আশপাশের প্রায় ১২টি গ্রামের লক্ষাধিক মানুষ এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয় এবং বাঙ্গরা বাজার থানায় আসে।
 
উপজেলার উত্তর খোষঘর এলাকার এ সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কামার-কুমার, জেলে-তাঁতি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রায় ৩হাজার লোক যাতায়াত করে। কিন্তু ব্রিজের অভাবে প্রায় ১০ একর কৃষি জমিতে কৃষকের উত্পাদিত পণ্য বাজারে আনতে ও গবাদিপশু পারাপারের সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিবছরই এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও সহযোগিতায় নিজস্ব অর্থায়নে লাখ টাকা ব্যয়ে এই সাঁকোটি নির্মাণ করা হয়।