পাবনার সুজানগর উপজেলায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৬ রাউন্ড গুলি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার দিবাগত রাতে উপজেলাধীন পাবনা-সুজানগর প্রধান সড়কের কাচুরী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ইমরান শেখ (২০) জেলা সদর উপজেলার কাচিপাড়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ছয়জনের একদল অস্ত্রধারী ডাকাত দুইটি মোটরসাইকেলে করে কাচুরী মোড়ের সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত পুলিশের একটি দল ওই স্থানে উপস্থিত হলে তারা দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় ধাওয়া করে ইমরানকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ
