গাইবান্ধায় গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৬:২৮
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবিজান বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাটকেপাড়া গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার ও আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।
 
আব্দুর রশিদ ওই গ্রামের হোসেন আলীর ছেলে ও বামনডাঙ্গা রেল স্টেশনের গেটম্যান। নবিজান একই গ্রামের কৃষক নবির হোসেনের মেয়ে।
 
বামনডাঙ্গা পুলিশ ফাড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল ওয়াহেদ জানান, দাম্পত্য কলহের জের ধরে বরিবার দিবাগত রাতের কোন এক সময়ে স্বামীর মারপিটে নবিজান মারা যান। পরদিন সকালে স্ত্রী আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার চালায় আব্দুর রশিদ।
 
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠান। নিহতের কোমর ও পেটে জখমের চিহ্ন আছে।
 
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হায়দার আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় নবির হোসেন বাদী হয়ে  বিকালে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।  
 
ইত্তেফাক/ইউবি