মিয়ানমারে ফেরি ডুবে কমপক্ষে ৩২ জনের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৮:২৮
মিয়ানমারে উত্তর পশ্চিমাঞ্চলের এক নদীতে ফেরি ডুবে কমপক্ষে ৩২ জন মারা গেছে। সোমবার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ১৫০ জনকে উদ্ধার করেছেন।
 
শনিবার দেশটির সাগাইং এলাকার চিন্দউইন নদীতে ফেরি ডুবে যায়। এখন পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরো ৬০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সংসদ সদস্য হতাই লুইন বলেন, আমি একজন প্রত্যক্ষদর্শীর কাছে শুনেছি ফেরিতে ৩০০ জনের বেশি মানুষ ছিল, ‍যদিও ফেরিটির ধারণক্ষমতা ১২০ জন।
 
ফেরিটি হোমালিন থেকে মনিওয়ার দিকে যাচ্ছিল। সংস্কারহীন নৌকা-ফেরিতে করে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ পরিবহনের কারণে এই ধরণের দুর্ঘটনা মিয়ানমারে প্রায়ই ঘটে। গত বছরের মার্চে দেশটির পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ পরিবহনের কারণে ফেরি ডুবে ৬৪ জন মারা গিয়েছিল। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ