রামগতিতে জলদস্যুদের মধ্যে গোলাগুলি, নিহত ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৩:০৭
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় দুই দল জলদস্যুর মধ্যে গোলাগুলির ঘটনায় এক দস্যু নিহত হয়েছে। নিহত মো. মজনু (২৮) উপজেলার চর আফজল গ্রামের মো. জাহাঙ্গীর ওরফে জাহাঙ্গীর ডাকাতের ছেলে।
 
সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অদূরে নুর মিয়া কবরস্থান এলাকায় দুই দল জলদস্যুদের মধ্যে উপদলীয় কোন্দলে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মজনুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা কার্তুজসহ একটি লোহার তৈরি পাইপগান জব্দ করা হয়।
 
পুলিশের দাবি, মজনু মেঘনা নদীর জলদস্যু গ্রুপ ‘মজনু বাহিনীর’ প্রধান। তার রিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্র আইনে রামগতি, নোয়াখালীর হাতিয়া, চর জব্বর এবং ভোলার তজুমুদ্দিন থানায় ১৪টি মামলা রয়েছে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ