মাঠে নামছে আজ ব্রাজিল, আর্জেন্টিনা

ভিনিসিয়াসকে কোপায় চান কোচ তিতে

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২১:৩৫

চোটের কারণে ছিটকে যাওয়া ভিনিসিয়াস জুনিয়রকে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রীতি ম্যাচে না পেলেও আসন্ন কোপা আমেরিকায় চান ব্রাজিল কোচ তিতে। এরই মধ্যে আজ রাতে চেক প্রজাতন্ত্রের মাঠে নামছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্ব্বী আর্জেন্টিনা খেলবে মরক্কোর মাঠে।

ডান পায়ের ইনজুরিতে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। পিএসজি তারকার অনুপস্থিতিতে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই দারুণ নৈপুণ্য দেখানো ফরোয়ার্ড ভিনিসিয়াস। কিন্তু আয়াক্সের বিপক্ষে পাওয়া গোড়ালির চোট এই প্রীতি ম্যাচ দুটি খেলতে দিচ্ছে না তাকেও।

ব্রাজিলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ভিনিসিয়াসকে পানামা ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বাজিয়ে দেখতে না পারলেও কোপা আমেরিকায় তাকে দলে রাখার ইঙ্গিত দিলেন তিতে। তিনি বলেন, ‘ভিনিসিয়াসের বৈশিষ্ট্য ও আমাদের খেলার দর্শন বিচারে প্রতিপক্ষকে ভারসাম্যহীন করে দেওয়ার জন্য এমন খেলোয়াড় দলে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘ড্রিবল ও ব্যক্তিগত নৈপুণ্যে প্রতিপক্ষ রক্ষণকে ভাঙতে পারার ক্ষমতা ভিনিসিয়াসের আছে। তার এমন গুণ রয়েছে যা খেলার ফল পরিবর্তনের জন্য যথেষ্ট, (পানামার বিপক্ষে) এই ব্যাপারটির অভাব বোধ করছিলাম আমরা।’

গেল নভেম্বরে ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে আটটি পরিবর্তন নিয়ে পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে খেলা এডারসন, আর্থার মেলো ও রবার্তো ফিরমিনোর সবাই আজ চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্রাম পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে আক্রমণভাগে খেলার শুরু থেকেই থাকতে পারেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস।

গোলমুখে এলিসন বেকার ও মাঝমাঠে আর্থারের জায়গায় ফেলিপে এন্ডারসনকে নিয়ে ম্যাচটি শুরু করতে পারে তিতের দল। রক্ষণভাগে থিয়াগো সিলভা, দানিলো, মার্সেলো ও মিরান্দাদের কেউ ফিরতে পারেন এই ম্যাচ দিয়ে।

এদিকে আগের ম্যাচে ভেনেজুয়েলার কাছে শোচনীয় হারের শোক সামলে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। কুঁচকিতে চোটের কারণে অধিনায়ক লিওনেল মেসি স্বাগতিক মরক্কোর বিপক্ষে এই ম্যাচে খেলছেন না। ঘরের মাঠে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রতিপক্ষ শিবিরে না পাওয়ায় মরক্কো ফুটবল অ্যাসোসিয়েশন হতাশা প্রকাশ করেছে।

মেসি ছাড়াও ভেনেজুয়েলার বিপক্ষে খেলা গনজালো পিতি মার্তিনেজকে চোটের কারণে মরক্কোর বিপক্ষে পাচ্ছে না আর্জেন্টিনা। তাই আক্রমণভাগে পাওলো দিবালার ফেরাটা একপ্রকার নিশ্চিতই বলা চলে। আগের ম্যাচে নড়বড়ে পারফরমেন্সের ফলে এদিন রক্ষণভাগেও আসতে পারে পরিবর্তন।