চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:০০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ঘেঁষা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ‘মা’ইলিশ নিধনের মহোৎসব। এসব মাছ উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের অনেক বাড়িতে প্রতিদিন ফজরের আযানের আগ থেকে সকাল পর্যন্ত ৩০০/৩৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে।
 
অভিযোগ পাওয়া গেছে, পদ্মা নদী বেষ্টিত উপজেলার কিছু এলাকা কাশঁবনে ঘেরা থাকায় অসাধু জেলেরা সুযোগ বুঝে দিনে-রাতের বিভিন্ন সময়ে মাছ শিকার করে চরাঞ্চলে ও পার্শ্ববর্তী সদরপুর উপজেলার জল সীমানায় গা ঢাকা দিয়ে থাকে এবং সুযোগ বুঝে আগে থেকে ঠিক করে রাখা খরিদ্দারের কাছে বিক্রি করে মাছ।
 
সূত্র জানায়, উপজেলার মৃধাডাঙ্গী, হাজিডাঙ্গী, জাকেরের শুরা, হাজিগঞ্জ, চরশালেপুরের বিভিন্ন স্থানসহ বিশেষত মাথাভাঙ্গা গ্রামের শেষ মাথায় পদ্মা নদী সংলগ্ন রেহাই রামনগর খাল পাড়ের বিভিন্ন বাড়িতে হচ্ছে ইলিশ মাছ কেনা বেচা। চলতি মাসে প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখতে জন সচেতনতা সৃষ্টির লক্ষে অনেক প্রচার প্রচারণা চালায় উপজেলা প্রশাসন ও মৎম অধিদফতর। সেই সঙ্গে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
জানা গেছে, ইলিশ মাছ রক্ষায় প্রতিদিন পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাল, জেলে ও মাছ আটক করে জেল জরিমানা করা হলেও অনেক জেলে সুকৌশলে নিশেধাজ্ঞা অমান্য করে শিকার করছে মাছ।
 
উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভির হোসেন বলেন, ‘ইলিশ মাছ রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কয়েক দফা ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ