গাজীপুরে স্কুলছাত্র মো. সেলিম হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি নূরুল ইসলাম (৩২) গাজীপুর সদর উপজেলার ক্ষুদেবর্মী এলাকার বাসিন্দা।
বুধবার বেলা আড়াইটার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে প্রকাশ, ২০০৭ সালের ৯ জানুয়ারি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. সেলিম ও তার বন্ধু মো. রাকিব হোসেনকে নিয়ে বড়ই খাওয়ার জন্য বাড়ির কাছে খুন্দিয়া গ্রামের সোবহানের স্ত্রী হাসনারা বেগমের বাড়িতে যায়। এ সময় ওই বাড়ির কেয়ারটেকার মো. নুরুল ইসলাম কাঠ কাটার একটি বাটাল নিয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে মো. সেলিমকে ধরে ফেলে এবং নুরুল ইসলামের হাতে থাকা বাটালটি সেলিমের পেটে ঢুকিয়ে দেয়। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি এবং বাড়ির মালিক হাসনারা বেগমকে হুকুমের আসামি করে ওই দিনই জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি নুরুল ইসলামকে অভিযুক্ত করে ওই বছরের ৯ মার্চ আদালতে চার্জসিট দাখিল করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আতাউর রহমান ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অহিদুজ্জামান আকন্দ।
ইত্তেফাক/এএসএমইউ
