নবম ওয়েজ বোর্ডে বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। বুধবার সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ধন্যবাদ জানিয়ে নবম ওয়েজ বোর্ডে বিশ্ববিদ্যালয় প্রতিবেদক/ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পদটিগ্রেডভুক্ত করার দাবি জানানো হয়। প্রসঙ্গত, গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক সভায় দ্রæত নবম ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
বিবৃতিতে বলা হয়, অর্ধশতাব্দী ধরে বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় দেশের গণমাধ্যমগুলো বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের কাজের মূল্যায়ন সে অনুযায়ী করেনি। দায়িত্বের ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয় প্রতিবেদককে দিয়ে নিজস্ব প্রতিবেদকের সমান বা তারও বেশি কাজ করানো হলেও বেতনের ক্ষেত্রে তাঁদের মূল্যায়ন কোনো কোনো সময় একজন থানা প্রতিনিধিরও নিচে।
বাংলাদেশে এ পর্যন্ত আটটি ওয়েজবোর্ড হলেও কোনোটিতে “বিশ্ববিদ্যালয় প্রতিবেদক” শ্রেণিটি গ্রেডভুক্ত হয়নি। ওয়েজ বোর্ডে এ সম্পর্কে কোনো নির্দেশনা না থাকায় যুগের পর যুগ ধরে তাঁরা অবহেলিত হয়ে আসছেন। তারা প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী বরাবর নবম ওয়েজবোর্ডে “বিশ্ববিদ্যালয় প্রতিবেদক” শ্রেণিটিকে ৮ম ওয়েজবোর্ডের গ্রেড-৩ এর সমমর্যাদায় গ্রেডভুক্ত করার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ইত্তেফাক/এসএসএ
