যশোরের শার্শা উপজেলায় ১০ টাকা দরের চাল নিয়ে চলছে প্রতারণা। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেও সুষম বণ্টন না হওয়ায় দরিদ্ররা হচ্ছে বঞ্চিত। অতি দরিদ্রদের মাঝে ১০টা কেজি দরের চাউল বিতরণ করার কথা থাকলেও উপজেলার প্রতিটি ইউনিয়নেই এ চাল বিতরণ করা হচ্ছে বেশির ভাগ প্রভাবশালীদের মাঝে। উপজেলা প্রশাসনের সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদের দিক নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এক শ্রেণীর রাজনৈতিক নেতা-কর্মীরা ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে আত্মীয়-স্বজন, একই পরিবারে একাধিক কার্ড, বিদেশ প্রবাসী পরিবারের সদস্যদের (পাঁচজনকে) ১০ টাকা কেজি দরের চাউলের কার্ড প্রদান করেছেন।
উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের দুই প্রতিবাদী যুবক এ বিষয়ে রবিবার জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, একই পরিবারের পাঁচজন বিদেশ থাকলেও তাদের নামে বরাদ্দকৃত চাল ডিলার নিজেই উত্তোলন করে আত্মসাত করেন।
এছাড়া একই পরিবারের স্বামী-স্ত্রী দুইজনের নামেই কার্ড প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
