বীর বিক্রম হেমায়েত উদ্দিন আর নেই

আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:৪৪
মুক্তিযুদ্ধে নবম সেক্টরের সাব সেক্টর কমান্ডার হেমায়েত উদ্দিন, বীর বিক্রম (৭৪) আর নেই। গতকাল শনিবার ভোরে ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)।
 
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি নিজ নামে হেমায়েত বাহিনী প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে বৃহত্তর ফরিদপুরের গোপালগঞ্জ, কোটালীপাড়া, মাদারীপুর, কালকিনি ও বরিশালের উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়াসহ বিভিন্ন এলাকায় পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে একাধিক যুদ্ধে হেমায়েত বাহিনী বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের জহরেরকান্দির ঐতিহাসিক যুদ্ধে হানাদার বাহিনীকে চরমভাবে পর্যুদস্ত করে হেমায়েত বাহিনী। ওই যুদ্ধে বেশ কয়েকজন পাকসেনা নিহত হয়। গুরুতর আহত হন হেমায়েত উদ্দিন। এ বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। তার প্রচেষ্টায় কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। তার মৃত্যুতে কোটালীপাড়ার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আওয়ামী লীগের  উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর  নির্বাচনী এলাকার প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র এইচএম অহিদুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
 
তার পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হবে। পরে মরদেহ কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে তার বাড়িতে নেওয়া হবে। এরপর তার প্রতিষ্ঠিত হেমায়েত বাহিনী স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বিকাল ৪টায় জানাজা শেষে দাফন করা হবে।
 

ইত্তেফাক/এএন