থাইল্যান্ডের সরকার তাদের মজুদকৃত চাল বিক্রির পরিকল্পনা করায় দেশটির চালের রপ্তানিমূল্য কমেছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের ৫ শতাংশ ভাঙা চাল বিক্রি হয় প্রতি টন ৩৫৫-৩৭২ ডলারে। যা গত বুধবারও ছিল ৩৬৫-৩৭০ ডলার। থাইল্যান্ডে চালের উৎপাদন ভালো হওয়ায় সরবরাহ বেশি। সে তুলনায় চাহিদা কম। এ কারণে দাম কমে যাচ্ছে থাই চালের।
এদিকে চালের সরবরাহ বেড়ে যাওয়ার পর থাই সরকার আগামী মাসে চীনে এক লাখ টন চাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রতি বছর ইরান থাইল্যান্ডের কাছ থেকে সাত লাখ টন চাল আমদানি করে। এবার ইরানও চাল আমদানি বাড়াবে দেশটি থেকে।
দেশটির কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর থাইল্যান্ডের চাল রপ্তানি দাঁড়াতে পারে এক কোটি টনে। এর পরিমাণ ২০১৫ সালের চেয়ে ১১ শতাংশ বেশি।
