রাজধানীর কুড়িলে প্রগতি সরণির জেব্রা ক্রসিংয়ে বাস চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর ইউনিভার্সিটির ব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৯ মার্চ সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত হওয়ার পরও ব্যাগটি পরিবারের হস্তগত হয়নি। নিহতের মামা মাসুদ বলেন, ব্যাগের মধ্যে আবরারের এ লেভেল এবং ও লেভেলের মূল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজ, খাতা ও বই ছিল। ওই দিন এয়ারফোর্সে আইএসএসবি’তে (ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে) একটি পরীক্ষার জন্য পেপারগুলো নিয়ে গিয়েছিল।
তিনি আরো বলেন, ব্যাগে টাকা-পয়সা কিছু ছিল না, শুধু কিছু কাগজ ছিল। আবরারের অর্জনগুলোও হারিয়ে গেলে তার মা-বাবার কষ্ট বাড়বে। এগুলো দিয়েতো কারো উপকার আসবে না কিন্তু তার মা-বাবার কাছে এখন অমূল্য সম্পদ। তাই কেউ ব্যাগটির সন্ধান দিতে পারলে তার পরিবার কৃতজ্ঞ থাকবে। ব্যাগটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দেওয়া হয়েছে। ব্যাগটি কারো সন্ধানে থাকলে আবরারের মামা মাসুদ (০১৮১৯-২৩১৬০৮) ও তার বন্ধু নাজমুস সাকিব (০১৬৭৯-৩২৫৩৪৯)-এর নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিহতের ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়ে পুলিশকে জানানো হয়নি। পুলিশ হেফাজতেও কোনো ব্যাগ নেই। ব্যাগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ চাইলে গুলশান থানায় যোগাযোগ করে ব্যাগটি পৌঁছে দিতে পারবেন।
