৮৫৪০ কোটি ডলারে টাইম ওয়ার্নারকে কিনছে এটিঅ্যান্ডটি

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ০৯:১৬
যুক্তরাষ্ট্রের মিডিয়া গ্রুপ টাইম ওয়ার্নারকে কিনে নিচ্ছে দেশটির শীর্ষ টেলিযোগাযোগ কোম্পানি এটিঅ্যান্ডটি। তবে এ নিয়ে মার্কিন শীর্ষ রাজনীতিকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তো বলেই দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হলে এই চুক্তি বাতিল করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী বছরের শেষ দিকে চূড়ান্ত চুক্তি হবে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। যুক্তরাষ্ট্রে এর আগে এত বড় চুক্তি সম্পন্ন হয়নি।
 
এটিঅ্যান্ডটি জানিয়েছে, শনিবার চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত চুক্তির আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। এটিঅ্যান্ডটি জানিয়েছে, তারা টাইম ওয়ার্নারকে প্রতিটি শেয়ারের বিপরীতে ১০৭ দশমিক ৫০ ডলার করে দিবেন। চুক্তি হলে টাইম ওয়ার্নারের মালিকানাধীন সিএনএন এবং বিনোদন চ্যানেল এইচবিও, ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রসসহ অনেক সম্পদের মালিকানা এটিঅ্যান্ডটির নিয়ন্ত্রণে চলে আসবে। 
 
মার্কিন কংগ্রেসের অনেক সদস্যও চুক্তি নিয়ে শঙ্কায় আছেন। তারা মনে করছেন, এত বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ একজনের হাতে থাকলে ক্ষমতার অপব্যবহার হতে পারে। ট্রাম্প চুক্তি নিয়ে মন্তব্য করলেও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন নীরব আছেন।
 
ইত্তেফাক/এসএসএ