দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে কোস্টগার্ডের নামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত গম দুনীতির দায়ে কোস্টগার্ডের সাবেক পরিচালক নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার সকালে মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
১৮ বছর আগে সাবেক দুর্নীতি দমন ব্যুরোর সময়ে এ মামলাটি দায়ের করা হয়। মামলায় ৭ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর এই মামলার অপর আসামি কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উর-রহমানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
দুদক সূত্র জানায়, ১৯৯৬ থেকে ১৯৯৮ সালে নৌবাহিনীর মোস্তাফিজুর রহমান কোস্টগার্ডে পরিচালক পদে কর্মরত ছিলেন। সে সময় শফিক-উর-রহমান ছিলেন বাহিনীর মহাপরিচালক। ১৯৯৬-৯৭ ও ৯৭-৯৮ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্ট গার্ডের নামে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ১১ হাজার ১০০ মেট্রিক টন গম বরাদ্দ করে। দুর্নীতির মাধ্যমে ওই গম বাজারে বিক্রি করে সাড়ে সাত কোটি টাকা আত্মসাত করা হয়। এ অভিযোগে ১৯৯৮ সালের ২ অগাস্ট শফিক-উর-রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো।
মামলার এজাহারে বলা হয়, নীতিমালা অনুযায়ী ওই গম বিক্রি করার কোনো সুযোগ ছিল না। আসামিরা ওই গম ৫ টাকা কেজি দরে বিক্রি করে দেন, যদিও তখন সরকার নির্ধারিত দাম ছিল ১১ টাকা ৬৪ পয়সা। এর মাধ্যমে তারা ৭ কোটি ৩৭ লাখ চার হাজার টাকা আত্মসাত্ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ইত্তেফাক/এএম।
