রাজধানীতে অজ্ঞানপার্টির কবলে পড়ে ৪ জন অসুস্থ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৯:২০
 
রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির কবলে পড়ে চারজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ সোমবার দুপুর ১ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত পৃথকভাবে চারটি ঘটনা ঘটে।
 
এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের সবকিছু হাতিয়ে নিয়ে পালিয়ে যান। অসুস্থদের পথচারী ও স্বজনরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। 
 
হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর অসুস্থ ব্যক্তিরা হলেন- আনিসুর রহমান (২০), আব্দুল মান্নান (৬০), আবুল কালাম (৩৮) ও শওকত আলী (৪০)।
 
অজ্ঞানপার্টির কবলে পড়া আনিসুর জানিয়েছেন, তিনি রিকশায় গুলশানে যাচ্ছিলেন। এসময় রিকশাওয়ালা তাকে কৌশলে জুস খাওয়ান। সে সময় জুস খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
 
পরে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা একটি মোবাইল সেট ও ৩ হাজার টাকা নিয়ে গেছে। 
 
বাংলামোটর থেকে উদ্ধার হন আব্দুল মান্নান (৬০) নামে এক ব্যক্তি। তার বাসা রায়েরবাগ কদমতলী এলাকায়। লাব্বাইক পরিবহেনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।
 
অপরদিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্স সংলগ্ন বাসস্ট্যান্ডের সামনে থেকে আবুল কালাম (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি মুন্সীগঞ্জে। 
 
মিরপুরের টেকনিক্যাল মোড়ে শওকত আলী (৪০) নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। আহত চারজনকেই ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।-বাসস 
 
 
 
ইত্তেফাক/কেকে