ন্যায্য মূল্যের চাল ধনীদের কাছ থেকে উদ্ধার করেছে ইউএনও এবং ফুড অফিসার। অনিয়মের কারণে ২ ইউনিয়নে ২০ জনের কার্ড বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এসব চাল উদ্ধার করা হয়।
মহেশপুর খাদ্য অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন পত্র-পত্রিকায় ন্যায্য মূল্যের চাল বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশ ও এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে তদন্তে সত্যতা পাওয়ার পর ২০ জনের কার্ড বাতিল করা হয়েছে এবং ৪ জনের কাছ থেকে চাল ফেরত নেয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মহেশপুর খাদ্য অফিসে এসে ৪ জন চাল জমা দেয়। তারা হলেন- কাকিলাদাড়ী গ্রামের ভোলাই মন্ডলের ছেলে সামছুল (কার্ড নং-৩৫১), হানেফ আলীর ছেলে শহিদুল (কার্ড নং-৩৫৮), ফেলাই মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন (কার্ড নং-৩৭২), তাহাজ্জেল হোসেনের ছেলে মিলন (কার্ড নং-৩৭৩)।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এ সকল কার্ডধারীদের বাড়ি বাড়ি খোঁজ নিয়ে জানা গেছে, তাদের পাকা বিল্ডিং এবং তারা অর্থ-বিত্তশালী লোক। তারা ন্যায্য মূল্যের কার্ড পাওয়ার যোগ্য নয় বিধায় কার্ড বাতিল করে তাদের চাল ফেরৎ নেয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আব্দুল খালেক জানান, উদ্ধারকৃত চালের মূল্য ফেরৎ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই
