রাবির ভর্তি পরীক্ষায় বঙ্গবন্ধুর মৃত্যুসাল ভুল, নিন্দা শিক্ষকদের

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইন অনুষদের প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল উল্লেখ থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষকরা। 
 
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক এম জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হত্যাকাণ্ডের সাল ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ মুদ্রিত হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ মর্মাহত, ক্ষুব্ধ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে এ ধরনের ত্রুটি স্বেচ্ছাকৃত ও অমার্জনীয়।’  
 
এদিকে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধরনের তথ্য পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর সতর্কতা ও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।
 
এছাড়াও মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজান উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদকে সাময়িক অব্যাহতির দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
সোমবার ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বেজোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার ৪ নম্বর সেটের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুসাল ২০১৬ সাল উল্লেখ করা হয়। এ ঘটনায় অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক ও আইন অনুষদের ডীন আ. ন. ম. ওয়াহিদ। 
 
 
 
ইত্তেফাক/এমআই