পাবনা সদর উপজেলার দোগাছি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শ্রেণিকক্ষে সহপাঠীর লাথিতে সজিব হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সজিব উপজেলার দোগাছি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আসাদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সহপাঠী শিক্ষার্থী একই উপজেলার দ্বীপচর গ্রামের হাবি সরদারের ছেলে খায়রুল ইসলামকে (১৩) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেনহাজ উদ্দিন জানান, দুপুরে শ্রেণিকক্ষে তর্কে জড়িয়ে পড়ে ৬ষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী সজিব ও খায়রুল। এ সময় শ্রেণিকক্ষে কোনো শিক্ষক ছিলেন না। তর্কাতর্কির এক পর্যায়ে খায়রুল সজিবকে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় সজিব। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী অভিযুক্ত শিক্ষার্থী খায়রুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে থেকে শিক্ষার্থীর মরদেহ ও অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/এএম।
