বাজার তদারকি : ৭২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ২০:২৮
বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বাজার তদারকীকালে পৃথক অপরাধে ৭২টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করেছে। 
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ২৩ জন কর্মকর্তার নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে এই বাজার তদারকি করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর, চট্টগ্রাম, বরিশাল, ভোলা, নোয়াখালী, শেরপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, জামালপুর, গাজীপুর, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, সুনামগঞ্জ, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়ীয়া, ফরিদপুর, নড়াইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় আজ এই বাজার তদারকি করা হয়।
 
ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ক্যাপসিকাম চাইনিজকে ৫ হাজার টাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে সোনালী ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে খুলনা মধুঘরকে ২ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
ধানমন্ডি এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে লাইভ কিচেনকে ৫০ হাজার টাকা, পল্লবী এলাকায় শওকত কাবাব ঘর ও ফুড সেন্টারকে যথাক্রমে ৬০ হাজার টাকা ও এক লাখ টাকাসহ মোট ১ লাখ ৬০ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
এদিকে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, ডাবলমুরিং থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা, বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, ভোলার তজুমুদ্দিন উপজেলায় ৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা, নোয়াখালী সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা, শেরপুর সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা, নওগাঁর মাধবপুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, গাজীপুর সদর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৪ হাজার টাকা, হবিগঞ্জ সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা বিভিন্ন অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
 
আজকের ২৩টি বাজার তদারকি ও ৫টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৭২টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৫ জন অভিযোগকারীকে ৪ হাজার টাকা প্রদান করা হয়। 
 
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারী ইন্সপেক্টর, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, নিরাপদ খাদ্য পরিদর্শক, মৎস্য কর্মকর্তা এবং ক্যাব এসব তদারকি কাজে সহায়তা দেয়। -বাসস।
 
 
 
ই্ত্তেফাক/এমআই